পার্বতীপুরে আবাসিক হোটেলে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের একটি আবাসিক হোটেলে গত সোমবার রাতে আবদুল হান্নান মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হোটেলের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাগসন পানাতায়া পাড়া গ্রামে। তিনি একটি বলপেন কোম্পানির বিপণন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গত আড়াই মাস উপজেলার রজনীগন্ধা হোটেলে অবস্থান করছিলেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন হোটেলে ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামরুজ্জামান, আশিকুর রহমান, শামীম রেজা ও কুষ্টিয়া সদর উপজেলার হাবিবুর রহমান এবং রাজিউর রহমান।
পুলিশের ভাষ্যমতে, সোমবার দুপুরে কামরুজ্জামান, আশিকুর, শামীম, হাবিবুর ও রাজিউর পার্বতীপুর মডেল থানায় আসেন। তাঁরা মুঠোফোনে ধারণ করা হান্নানের ছবি দেখিয়ে লোকটির (হান্নানের) কাছে কামরুজ্জামান ১২ লাখ টাকা পাবেন বলে জানান। সেইসঙ্গে হান্নান পার্বতীপুরের কোনো এক আবাসিক হোটেলে অবস্থান করছেন বলেও তাঁদের কাছে তথ্য রয়েছে বলে পুলিশকে জানান। পরে তাঁরা টাকা উদ্ধারে পুলিশের সহযোগিতা চান।
সূত্রটি আরও জানায়, কামরুজ্জামান ও তাঁর সঙ্গীরা পুলিশের সহায়তায় পার্বতীপুরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে হান্নানের খোঁজ করেন। কোথাও তাঁকে না পেয়ে রাত একটার দিকে তাঁরা পুলিশ নিয়ে রজনীগন্ধা হোটেলে পৌঁছেন। হোটেল ব্যবস্থাপক রফিকুলকে মুঠোফোনে হান্নানের ছবি দেখানো হলেও তিনি ওই ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য দেননি।
হোটেল ব্যবস্থাপক পুলিশকে জানান, রাত হয়ে যাওয়ায় ওই পাঁচজন রজনীগন্ধা হোটেলেই তিনটি কক্ষ ভাড়া নেন। তাঁরা যাঁর যাঁর কক্ষে চলে যাওয়ার পরপরই গোঙানির শব্দ পান তিনি। শব্দ অনুসরণ করে ২০ নম্বর কক্ষের সামনে গেলে ভেতর থেকে রক্তাক্ত ও গুরুতর আহত হান্নান দরজা খুলে দেন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, হান্নানকে কক্ষ থেকে উদ্ধারের সময়ই হোটেলের সামনে দাঁড়ানো একটি মাইক্রোবাস থেকে হান্নানের খোঁজে আসা পাঁচজনকে এলাকাবাসী আটক করেন। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ব্লেড ও একটি ছুরি জব্দ করা হয়েছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত ঘটনাটি হত্যাকাণ্ড না আত্মহত্যা নিশ্চিত বলা সম্ভব না। এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করেছে।