পার্বতীপুরে ইউপি সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদুর রহমান শাহকে বরখাস্ত করা হয়েছে। মধ্যপাড়া কঠিন শিলা খনির নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে স্থানীয় সরকার বিভাগের আদেশে গত মার্চ মাসে তাঁকে বরখাস্ত করা হয়।

মধ্যপাড়া কঠিন শিলা খনির এমডি আবুল বাশার বলেন, খনিতে স্থানীয় ব্যক্তিদের চাকরি অগ্রাধিকারের নামে ২০১৪ সালের ৯ মার্চ থেকে ইউপি সদস্য মাসুদুর রহমান এলাকায় মাইকিং করে খনি অবরোধের ডাক দেন। অবরোধ সফল করতে বিভিন্ন শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের উসকানিমূলক চিঠি দেন ও লিফলেট বিতরণ করেন। তাঁর কার্যকলাপে কর্তৃপক্ষ খনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খনি কর্তৃপক্ষ দিনাজপুর জেলা প্রশাসককে লিখিতভাবে অনুরোধ করে। যথাসময়ে জেলা প্রশাসন তদন্ত করে। অভিযোগের সত্যতা পাওয়ায় ইউপি সদস্য মাসুদুর রহমানকে বরখাস্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় জেলা প্রশাসন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেনুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত গত ১০ মার্চের এক চিঠিতে মাসুদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।