পার্বতীপুরে এনজিওর নারী কর্মীর লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) নারী কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সাবিনা ইয়াসমিন (২৮) নামের ওই নারীর লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গ্রামবাসী ও পুলিশ জানায়, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী কুড়িয়াল গ্রামে আশরাফ আলীর বাসায় ভাড়া থাকতেন সাবিনা। আগের দিন তাঁর ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান প্রতিবেশীরা। এতে গৃহকর্তাসহ বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পার্বতীপুর মডেল থানায় জানানো হলে পুলিশ তালা ভেঙে ঘর থেকে লাশটি উদ্ধার করে। নিহত সাবিনার বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভবনন্দ নেকমরদ গ্রামে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের গলা ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ফলে একে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ। নিহত সাবিনার বাবা ইউনুস আলী এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।