পার্বতীপুরে জঙ্গলে নারীর হাত-পা বাঁধা লাশ
দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া জঙ্গলে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সকাল আটটার দিকে মধ্যপাড়া ফাঁড়ি থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, সকালে ২৫ থেকে ২৮ বছর বয়সী ওই নারীর লাশ সড়কের পাশে জঙ্গলে পড়ে ছিল। তাঁর মুখে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা তাঁর মুখের দাঁতগুলো ভেঙে দিয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ বলেন, ওই নারীর পরনে সালোয়ার কামিজ এবং ডান হাত ও একটি পা ওড়না দিয়ে গলার সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচপুকুর জঙ্গলে ছিল।
এ বিষয়ে কথা বলার জন্য পার্বতীপুরের মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।