পার্বতীপুরে জমি নিয়ে বিরোধে একজন নিহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে জহির উদ্দিন মণ্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। উপজেলার হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ পলাশবাড়ী গ্রামের জহির মণ্ডলের বাড়ির তিন শতক জমি নিয়ে একই গ্রামের সাজেদুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রোববার বিকেলে সাজেদুর তাঁর পরিবারের সদস্য ও বহিরাগত দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে ওই বিরোধপূর্ণ জায়গা দখলে নিতে চেষ্টা করেন। এ সময় জহির ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে যান। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন জহির মণ্ডলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় লাঠির আঘাতে কাসেম মণ্ডল, আলম মণ্ডল, মনোয়ারুল, লিটন, আনারুল হক, জহির মণ্ডল ও তাঁর স্ত্রী জরিনা বেগম গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। রাতে জহির মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হাসিনুর রহমান জানান, রাতে জহিরের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। রংপুরে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান বলে তাঁরা শুনেছেন।