পার্বতীপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত হওয়া ব্যক্তি হলেন শুকদেবপুর দক্ষিণপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে মোকাররম হোসেন (৪০)। এ ঘটনায় আজিজ শুক্রবার রাতে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ ওই মামলার দুই আসামি শুকেদবপুর গ্রামের কাদেরুজ্জামানের স্ত্রী গোলাপী বেগম (২৫) ও গোলাপ হোসেনের স্ত্রী রেহেনা পারভীনকে (২৮) গতকাল শনিবার সকালে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে।
পার্বতীপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার শুকদেবপুর গ্রামে ২২ শতক জমিতে একটি মসজিদ আছে। কিছুদিন আগে ওই গ্রামের কাদেরুজ্জামান ওই এলাকায় ১০ শতক জমি কেনেন। তিনি সাড়ে ৭ শতকের দখল নিতে পারলেও বাকি আড়াই শতকের দখল বুঝে পাচ্ছিলেন না। কাদেরুজ্জামান ওই আড়াই শতক জমি মসজিদের জমির সঙ্গে চলে গেছে বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজিজের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজ শেষে ওই জমি নিয়ে দুই পক্ষের মুসল্লিদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোকাররম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
আবদুল আজিজ দাবি করেন, মসজিদের মোট জমি ২২ শতক। এক ব্যক্তি ১৪ শতক জমি কিনে মসজিদে দান করেছেন। বাকি ৮ শতক জমি থেকে কাদেরুজ্জামান আড়াই শতক দাবি করছেন।