পার্বতীপুরে প্রান্তিক চাষিদের আড়াই কোটি টাকা গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও ব্যক্তিগত সেচযন্ত্রের মালিকেরা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছ থেকে অতিরিক্ত সেচ খরচ আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে এই উপজেলায় চাষিদের অতিরিক্ত প্রায় আড়াই কোটি টাকা গচ্চা দিতে হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ২৪ হাজার ৭৬০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেচের জন্য ২৯৬টি গভীর নলকূপ ও ৯ হাজার ৫০৫টি অগভীর নলকূপ রয়েছে। গভীর নলকূপের মধ্যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত ১৫৪টি, বিএডিসি পরিচালিত ৬৫টি, অন্য ৭৭টি ব্যক্তিমালিকানাধীন। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন অগভীর নলকূপের মধ্যে ডিজেলচালিত ৭ হাজার ৭৫৫টি ও বিদ্যুচ্চালিত ১ হাজার ৭৫০টি।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মণ্ডলপাড়া গ্রামের ক্ষুদ্র চাষি নজরুল ইসলাম, রফিকুল ইসলাম ও রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বল্প আয়ের মানুষ। শ্যালো মেশিন কেনার সামর্থ্য নাই। বাধ্য হয়ে ভাড়ায় সেচের পানি নিতে হয়। কিন্তু এলাকার গভীর নলকূপের মালিকেরা কৃষকদের কাছ থেকে বিঘাপ্রতি সেচভাড়া বাবদ ২ হাজার ৫০০ টাকা আদায় করছেন। এক বছর আগে বিঘাপ্রতি সেচভাড়া ছিল ২ হাজার ২০০ টাকা। এ ছাড়া অনেককে আগাম ভাড়া পরিশোধ করতে বাধ্য করা হয়েছে।’
উপজেলার মন্মথপুর ইউনিয়নের কৈবর্তপাড়া গ্রামের প্রান্তিক চাষি জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘গত বছর থেকে আমাদের বিঘাপ্রতি আড়াই হাজার টাকা সেচভাড়া দিতে হচ্ছে। এ বছর আদায় করা হচ্ছে ২ হাজার ৮০০ টাকা। অনেক ইউনিয়নে বিদ্যুচ্চালিত অগভীর নলকূপের সেচভাড়া বাবদ সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সেচযন্ত্রের কয়েকজন মালিক দাবি করেন, শ্রমিকদের মজুরি ও যন্ত্রাংশের মূল্য আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। ভাড়া বাড়িয়েও সেচের ব্যবস্থাপনা ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
উপজেলা সেচ কমিটির সচিব দিদার-ই-খুদা বলেন, গত বছরের ১ ডিসেম্বর সেচ কমিটির সভায় এ বছর গভীর নলকূপের ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ২ হাজার ৪০ টাকা এবং অগভীর নলকূপের ক্ষেত্রে প্রতি বিঘায় ১ হাজার ৯২০ টাকা সেচ খরচ নির্ধারণ করা হয়। ডিজেলচালিত অগভীর নলকূপের ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ৩ হাজার ২৪০ থেকে ৩ হাজার ১২০ টাকা এবং বিদ্যুচ্চালিত নলকূপের ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়। কৃষকদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ পর্যন্ত সেচের জন্য বেশি টাকা দিতে হচ্ছে বলে কোনো কৃষক অভিযোগ করেননি। অভিযোগ পেলে সেচযন্ত্রের দায়ী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, সেচ কমিটির নির্ধারিত মূল্যে সেচভাড়া আদায় করতে গভীর নলকূপের মালিকদের জানানোসহ এলাকায় মাইকিং করা হয়েছে। এ বছর আগাম বৃষ্টিপাত শুরুর কারণে ডিজেল ও বিদ্যুতের খরচ কম হওয়ায় সেচমালিকেরা চাইলে আরও কম সেচভাড়া আদায় করতে পারেন।
কৃষি অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় কৃষক ৭৯ হাজার ৬০৯ জন। এর মধ্যে ৫২ হাজার ৯৪৫ জনই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাঁদের নিজস্ব কোনো সেচযন্ত্র নেই।
কৃষি বিভাগের এক পরিসংখান সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় ৪২ হাজার ৩৫৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এ বছর ৮২ হাজার ৫০০ বিঘা জমিতে ইরি-বোরো চাষ করেছেন। তাঁদের নিজস্ব সেচযন্ত্র না থাকায় বোরো খেতে ভাড়ায় সেচের পানি নিচ্ছেন। এতে বিঘাপ্রতি গড়ে ৩০০ টাকা বেশি সেচভাড়া প্রদান করায় এ বছর তাঁদের গত বছরের চেয়ে অতিরিক্ত প্রায় আড়াই কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে।