পার্বতীপুরে বিদ্যালয়ে হামলা ভাঙচুর, শিক্ষার্থীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে চার শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। জমি নিয়ে বিবাদের জের ধরে গতকাল শনিবার সকালে একটি পক্ষ ওই হামলা চালায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে খয়েরপুকুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ওই সময় স্থানীয় মতিউর রহমান চৌধুরী ২৫ শতক ও ছাহের উদ্দীন মোল্লা ২৫ শতক জমি বিদ্যালয়কে দান করেন। সম্প্রতি চার কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবন নির্মাণের জন্য প্রায় ৫৫ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত দিনাজপুরের এক ঠিকাদার বিদ্যালয়ে জমির মাটি পরীক্ষা করেন।
নতুন স্কুল ভবন নির্মাণের বিষয়টি জানতে পেরে জমিদানকারী ছাহের উদ্দীন মোল্লার ছেলে ইলিয়াছ হায়দার (৩৮) নির্মাণকাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে দিনাজপুরের সহকারী জজ আদালতে মামলা করেন। গত ২০ মে আদালত ইলিয়াছ হায়দারের পক্ষে স্থগিতাদেশ দেন। ৫ জুন বন্ধের দিন ইলিয়াছ হায়দার লোকজন ও মিস্ত্রি লাগিয়ে স্কুলের অধিকাংশ এলাকা পাকা প্রাচীর দিয়ে ঘিরে ফেলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্কুলের জায়গা দখলের ঘটনা জানতে পেরে খয়েরপুকুর গ্রামের প্রায় ৩০০-৪০০ লোক জোটবদ্ধ হয়ে স্কুলের জমিতে তোলা পাকা প্রাচীর গুঁড়িয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ইলিয়াছ হায়দারের ভাই আবু কালাম (৩২), আলমগীর (২৭) ও তাঁদের সঙ্গীরা লাঠিসোঁটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে পঞ্চম শ্রেণির ছাত্রী আনিছা (১১), সাজিক ও কল্লোল এবং তৃতীয় শ্রেণির সাদিকুলকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ওই ৫০ শতক জমি স্কুলের নামে রেকর্ড করা। ইলিয়াছ হায়দারের বাবা ছাহের উদ্দীন মোল্লার স্কুলের নামে দান করা জমির দলিলপত্রও ছিল। কিন্তু কিছুদিন আগে সেগুলো চুরি হয়ে যায়। তিনি অভিযোগ করেন, ইলিয়াছ হায়দারের লোকজনের হামলায় শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। তা ছাড়া তারা বিদ্যালয়ে দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেছে।
ইলিয়াছ হায়দার দাবি করেন, ‘বিদ্যালয়ের ২৭ শতক জমির মালিক আমরা। সে জন্য আমি আমার পৈতৃক জমিতে পাকা প্রাচীর নির্মাণ করি। কিন্তু স্কুলের নাম করে কতিপয় ব্যক্তি সেগুলো গুঁড়িয়ে দেয় ও আমার বাড়িতে হামলা চালায়। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন জানান, তিনি ঘটনার কথা জেনেছেন। কিন্তু প্রশিক্ষণে থাকায় ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম পুলিশ নিয়ে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রধান শিক্ষককে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।