পার্বতীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর বন বিভাগের মধ্যপাড়া চাঁচেয়া শালবাগানের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় গতকাল বুধবার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মাসুদ পারভেজ (৪৫)।
মাসুদ পারভেজের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মানিকপাড়া গ্রামে হলেও ২৫ বছর ধরে তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ ডিগ্রি কলেজের পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। নবাবগঞ্জের আফজাল সুপার মার্কেটে তাঁর টেইলারিংয়ের ব্যবসা ছিল। স্থানীয় কৃষকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির পরিবারের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরেননি। তিনি মাঝে মাঝে নিজের টেইলারিংয়ের দোকানে রাত যাপন করায় পরিবারের সদস্যরা আর তাঁর খোঁজ করেননি।
মধ্যপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মোখছেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।