পার্বতীপুরে সাত জুয়াড়ি গ্রেপ্তার, পুলিশ ইনচার্জ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর শহরের একটি ক্লাবঘরে জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। জুয়া পরিচালনার মদদ দেওয়ার অভিযোগ থাকায় জিআরপির ফাঁড়ির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানকে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পরে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার সাত জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জিআরপির পার্বতীপুর থানা সূত্র জানায়, শহরের সাহেবপাড়া মহল্লার রেলওয়ে পুলিশ ফাঁড়ির পাশে খেলাঘর নামের একটি ক্লাবে প্রতিদিন জুয়ার আসর বসত। ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের বিরুদ্ধে খেলাঘরে জুয়ার আসর পরিচালনায় মদদ দেওয়ার অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। এ অবস্থায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ওই ক্লাবে হানা দেওয়া হয়। ঘটনাস্থলে হাতেনাতে ধরা পড়েন সাত জুয়াড়ি। তাঁরা হলেন শহরের সাহেবপাড়া মহল্লার আবদুল জলিল (৩৫), ইব্রাহিম নগরের ইউসুফ আলী (২২) ও সুজন (২৫), রোস্তম নগরের সবুর আলী (২৮), ধুপিপাড়ার মো. সাগর (৩২), জাহানাবাদের মোবারক মিয়া (৪৫) ও পশ্চিম নিউ কলোনির মো. আরিফ (৩০)।
গ্রেপ্তার হওয়া জুয়াড়িদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার ওই জুয়াড়িদের ১০০ টাকা করে জরিমানা করেন।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।