পার্বতীপুরে সেচে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছ থেকে সেচের জন্য বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা সেচ কমিটির নির্ধারিত টাকার চেয়ে বিঘাপ্রতি ৫০০-৮০০ টাকা বেশি আদায় করছেন সেচযন্ত্রের মালিকেরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় কৃষকের সংখ্যা ৭৯ হাজার ৬০৯ জন। এর মধ্যে ৫২ হাজার ৯৪৫ জনই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক; যাদের নিজস্ব সেচযন্ত্র নেই। তাঁরা মাঝারি ও বড় কৃষকের সেচযন্ত্র থেকে পানি কিনে চাষাবাদ করে থাকেন। এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৪ হাজার ৭৬০ একর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ২৪ হাজার ৫০০ একর জমিতে।

উপজেলা সেচ কমিটির সচিব বিদার-ই-খুদা বলেন, গত বছর প্রতি বিঘায় সেচের মূল্য নির্ধারিত ছিল গভীর নলকূপে ১ হাজার ৯২০ টাকা ও অগভীর নলকূপে ১ হাজার ৮০০ টাকা। এ বছর গভীর নলকূপে ২ হাজার ৪০ টাকা ও অগভীর নলকূপে ১ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কৃষকদের অভিযোগ, সেচযন্ত্রের মালিকেরা বিঘাপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা নিচ্ছেন। গত বছর অনেক স্থানে সেচ কমিটির নির্ধারিত টাকার চেয়ে কম নেওয়া হয়েছিল। কিন্তু এ বছর বেশি টাকা আদায় করা হচ্ছে।

উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড় হরিপুর শাহপাড়া গ্রামের কৃষক মহসিন আলী বলেন, গত বছর গভীর নলকূপ থেকে এক বিঘা জমিতে পানি সেচ বাবদ দিতে হয়েছিল ১ হাজার ৭০০ টাকা। এ বছর খরচ হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।

হরিরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের সুজাহাত আলী বলেন, গত বছর অগভীর নলকূপ থেকে এক বিঘা জমিতে সেচের জন্য খরচ হয়েছিল দেড় হাজার টাকা। কিন্তু এ বছর দিতে হচ্ছে প্রায় আড়াই হাজার টাকা।

হাবড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের রুবাইয়েত হোসেন বলেন, ‘বাজারে ধানের দাম কম। সার ও কীটনাশকের দাম বাড়তির দিকে। এখন সেচের জন্য বেশি টাকা দিতে হলে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠবে না। ধান চাষে বাড়তি টাকা খরচ হওয়ায় আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

ডাঙ্গাপাড়া গ্রামের অগভীর নলকূপের মালিক জিয়াউর রহমান বলেন, গত বোরো মৌসুমে ডিজেলের লিটার ছিল ৬৪ টাকা ২৫ পয়সা। গত বছরের অক্টোবরে দাম বাড়িয়ে করা হয় ৬৮ টাকা ২৫ পয়সা। এ ছাড়া সেচযন্ত্র ও খুচরা যন্ত্রাংশের দাম দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে সেচ বাবদ টাকা বাড়াতে হচ্ছে।

উপজেলা সেচ কমিটির সচিব বিদার-ই-খুদা বলেন, সেচের জন্য কৃষককে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে এমন কোনো অভিযোগ আসেনি। সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির বলেন, বোরো আবাদ মূলত সেচনির্ভর। সেচযন্ত্রের মালিকের কাছ থেকে পানি কিনে আবাদ করেন কৃষকেরা। সেচযন্ত্রের দাম বেড়ে যাওয়ার কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পক্ষে তা কেনা সম্ভব হয়ে ওঠে না। এ সুযোগে ক্ষুদ্র কৃষকের সঙ্গে তাঁরা প্রতারণা করছেন।