পার্বতীপুরে 'বকুল বাহিনী'র প্রধান খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ‘বকুল বাহিনী’র প্রধান বকুল (৩৫) নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চরকডাঙ্গা কালিকাপুর খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বকুলের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। তাঁর বাবার নাম আবু বক্কর ছিদ্দিক।

বাবা আবু বক্কর ছিদ্দিক বলেন, বকুল গত রোববার বাড়ি থেকে বের হয়ে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটে যায়। পরে রাত আটটার দিকে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তাঁকে ধরে নিয়ে যায় এবং কুপিয়ে হত্যা করে।

পার্বতীপুর মডেল থানা-পুলিশের উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রোববার রাত একটার দিকে চরকডাঙ্গা কালিকাপুর খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের পেছন থেকে বকুলের লাশ উদ্ধার করা হয়।

উপপরিদর্শক মোস্তফা কামাল আরও বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু বক্কর ছিদ্দিক পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মোস্তফা কামাল বলেন, বকুলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি, সন্ত্রাস, মাদক ব্যবসার বেশ কয়েকটি মামলা রয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান চৌধুরী বলেন, নিহত বকুল ডাকাতি, পুলিশের ওপর হামলা ও মাদক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে বদরগঞ্জ থানায় সাতটিরও বেশি মামলা রয়েছে।