পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধঅস্ত্র উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম​াবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার l ছবি: প্রথম আলো
সম​াবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার l ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি শহরের কালিন্দীপুরের শৈল বিপণিবিতান চত্বরে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশের প্রধান রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘যাদের হাতে অবৈধ অস্ত্র আছে, যারা সন্ত্রাস-চাঁদাবাজিতে জড়িত, তাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকেরা চেনেন না, তাঁদের হাতে তালিকা নেই—এসব আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়।’ তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে প্রশাসন উদ্যোগ না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
দীপংকর তালুকদার অভিযোগ করেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী সহযোগিতা করেন। যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে আর যারা তাদের সহযোগিতা করে, সবাই একই অপরাধে অপরাধী বলে এসব কর্মকর্তা-কর্মচারীকে সাবধান করে দেন তিনি। সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা। বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তিনি ঠিকাদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধের আহ্বান জানান।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের সঞ্চালনায় সমাবেশে ঠিকাদার, ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ চলাকালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও অভ্যন্তরীণ রুটে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়। এ সময় শহরের প্রধান তিন বাণিজ্যকেন্দ্র রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।