পালক মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে পালক মেয়েকে হত্যার অভিযোগে সেনাবাহিনীর এক ল্যান্স নায়েকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক জাহেদ আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার জয়কলস গ্রামের বাসিন্দা ল্যান্স নায়েক আফজাল হোসেন চট্টগ্রামে চাকরি করার সময় হাটহাজারির পাহাড়তলী আদর্শ গ্রামের আমজাদ হোসেনের মেয়ে উম্মে হাবিবাকে (৭) দত্তক নেন। কিন্তু তাঁর পরিবারের লোকজন নানা কারণে হাবিবাকে মারধর করতেন। ১৪ জুন আফজাল ও তাঁর পরিবারের সদস্যরা হাবিবাকে মারধর করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২২ জুন নিহত শিশুর বাবা আমজাদ হোসেন বাদী হয়ে নলছিটি থানায় আফজাল হোসেন, তাঁর স্ত্রী, দুই ছেলে, শাশুড়ির নামে হত্যা মামলা করেন। সোমবার আফজাল নলছিটিতে গ্রামের বাড়িতে এলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রংপুরের সৈয়দপুর সেনানিবাসে কর্মরত। নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, বাকি আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।