পালপাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ২, মোরশেদ অধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়ায় হামলার ঘটনায় দুজনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ঘটনার মূল হোতা সন্ত্রাসী মোরশেদ আলমকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার সিএনজিচালক আবদুল আজিজ (৩২) এবং দক্ষিণপাড়ার মাসুদ (৩৪)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও পালপাড়ায় হামলার হোতা মোরশেদ এবং তাঁর সহযোগী হানজেলাকে গ্রেপ্তারের জন্য শনিবারও একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আবদুল আজিজ ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। আজিজ পালপাড়ায় হামলার রাতে মুঠোফোনে মোরশেদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এমন তথ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে। এ জন্য তাঁকে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে হানজেলার গাড়িচালক মাসুদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে পালপাড়ার লোকজন জানিয়েছেন, আবদুল আজিজ ও মাসুদকে তাঁরা ওই পাড়ায় কখনো দেখেননি।
এদিকে আগামী মঙ্গলবার বিকেল তিনটায় ‘গণশুনানি’তে সাক্ষ্য দিতে পালপাড়ার লোকজনের কাছে নোটিশ পাঠিয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত খান এই নোটিশ পাঠান।
ইউএনও রুবায়েত খান প্রথম আলোকে বলেন, ‘পালপাড়ার বিষয়টি শুধু স্পর্শকাতর নয়, সাম্প্রদায়িক চেতনার জন্যও হুমকি। গণশুনানিতে নির্যাতিতরা ছাড়াও যাঁরা এত দিন ধরে সেখানে প্রতিকূল পরিস্থিতি দেখে এসেছেন কিংবা ভয়ে মুখ খুলতে পারেননি, তাঁরাও সাক্ষ্য দিতে পারবেন।’
পালপাড়ার সংখ্যালঘু শতাধিক পরিবারের ওপর প্রায় এক যুগ ধরে নির্যাতন করে আসছে সন্ত্রাসী মোরশেদ। হত্যা ও চাঁদাবাজির অভিযোগে মামলা আছে তার বিরুদ্ধে। এ ছাড়া মাদক ব্যবসা, জবরদখল, সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের তুলে নিয়ে যাওয়া, নারী নির্যাতন, বসতবাড়ি ও মৃৎশিল্পে হামলা, প্রতিমা ভাঙচুরেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।