এহসান এস সোসাইটি রাজশাহী শাখার প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল কাদের শিমুলীর বিরুদ্ধে আড়াই হাজার গ্রাহকের প্রায় আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত মঙ্গলবার নগরের বোয়ালিয়া থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা হয়েছে।
বোয়ালিয়া থানা-পুলিশ গতকাল বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর আগে প্রকল্পের মেয়াদ পূর্তিতে গ্রাহকদের টাকা না দিয়ে হজের নামে বিদেশ পালানোর সময় গ্রাহকেরা মঙ্গলবার রাতে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক ব্রজ গোপাল বলেন, মুর্তজা আজিজ চৌধুরী নামের একজন গ্রাহক মঙ্গলবার রাতে আবদুল কাদেরের বিরুদ্ধে থানায় মামলাটি করেছেন। আরও কয়েকজন গ্রাহক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
মাওলানা আবদুল কাদের আটক আছেন—এই খবর পেয়ে শতাধিক গ্রাহক থানার সামনে ভিড় করেন। গতকাল থানা চত্বরে ১০-১২ জন গ্রাহক জানান, মাওলানা আবদুল কাদের শিমুলীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর ভদ্রা শিমুল গ্রামে। আট বছর আগে তিনি রাজশাহীতে এসে ‘এহসান এস সোসাইটি ও রিয়েল এস্টেট’ নামের একটি সংস্থার শাখা চালু করেন। একই সঙ্গে তিনি রাজশাহী নগরের একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপল ও নগরের উপশহর বড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবদুল কাদের এই সংস্থায় ‘ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও রিয়েল এস্টেট’ নামের দুটি প্রকল্প চালু করেন। গ্রাহকদের হিসাব অনুযায়ী আট বছর মেয়াদি দুটি প্রকল্পে তাদের প্রায় আট কোটি টাকা সঞ্চয় জমা পড়েছে। ঘোষণা অনুযায়ী রিয়েল এস্টেট প্রকল্পের জন্য ১৬ শতাংশ মুনাফা দেওয়ার কথা এবং সঞ্চয় প্রকল্পের মুনাফা প্রতিবছর কেন্দ্রীয়ভাবে ঘোষণা করার কথা। উচ্চ হারের মুনাফার প্রলোভন দেখিয়ে মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করা হয়েছে। কিন্তু সেই হারে আর মুনাফা দেওয়া হয়নি। এমনকি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে মূলধন ও মুনাফার জন্য সাত-আট মাস ধরে গ্রাহকেরা মওলানা আবদুল কাদের শিমুলীর কাছে ধরনা দিলে তিনি শুধু তাঁদের ঘোরাতে থাকেন। কয়েক মাস আগে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক কাজী রবিউল ইসলাম রাজশাহীতে এলে গ্রাহকেরা তাঁকে ঘিরে ধরেন। তিনি তখন মাওলানা আবদুল কাদের শিমুলীর কাছ থেকে সবকিছু বুঝে নেওয়ার কথা বলে চলে যান। সে সময় আবদুল কাদের কোনো আপত্তি করেননি।
রাজশাহী নগরের উপহার সিনেমা হলের পাশে সংস্থার কার্যালয় ছিল। কয়েক দিন আগে দেয়ালে লেখা সংস্থার নাম কালো কালি দিয়ে মিশিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে গ্রাহকেরা জানতে পারেন, সংস্থার রাজশাহীর প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল কাদের শিমুলী হজে যাওয়ার নামে বিদেশে পালিয়ে যাচ্ছেন। এ সময় গ্রাহকেরা তাঁর বাসা ঘেরাও করে তাঁকে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। ওই রাতেই বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু গ্রাহকেরা টাকা না নিয়ে কিছুতেই তাঁকে ছেড়ে দিতে রাজি হননি।
মামলার বাদী মুর্তজা আজিজ চৌধুরী বলেন, তিনি নগরের সাহেব বাজার-কাঁচাবাজার মসজিদের ইমাম আমিনুল ইসলামের মাধ্যমে পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন। আট মাস আগে তাঁর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি টাকার জন্য যোগাযোগ করলে আবদুল কাদের শুধু গড়িমসি করতে থাকেন। এমনকি তিনি তাঁর জমানো টাকার ওপরে ঋণ নিতে চাইলেও তাঁকে দেওয়া হয়নি।
আকরাম হোসেন নামের আরেকজন গ্রাহক তাঁর সঞ্চয় জমা দেওয়ার কাগজপত্র নিয়ে এসেছেন, তিনিও মামলা করতে চান। তিনি বলেন, তিনি রিয়েল এস্টেট প্রকল্পে টাকা জমা দিয়েছেন। তাঁর জমানো টাকার বিপরীতে ১৬ শতাংশ হারে মুনাফা দেওয়ার কথা। শুধু এক বছর এই হারে মুনাফা দেওয়া হয়েছে। তারপর মুনাফার হার কমতে কমতে ১৩ শতাংশে এসে ঠেকেছে। তিনি বলেন, তারপরও যে হারেই দেওয়া হোক মেয়াদ পূর্তিতে মূলধন, মুনাফা আর কিছুই দেওয়া হচ্ছে না।
পবা উপজেলার মাঝিগ্রাম মসজিদের ইমাম নাজমুল হক বলেন, তাঁর হাত দিয়ে গ্রাহকেরা ২৫ লাখ টাকা জমা দিয়েছেন।
থানায় আটক থাকার কারণে এ ব্যাপারে আবদুল কাদেরের সঙ্গে কথা বলা যায়নি। তবে নগরের সাহেব বাজার-কাঁচাবাজার মসজিদের ইমাম আমিনুল ইসলাম আবদুল কাদেরের পক্ষ থেকে বলেন, সঞ্চয়ের টাকা নিয়ে কিছু জমি কেনা হয়েছে কিন্তু জমির দাম পড়ে যাওয়ায় হুজুর এখন ফেঁসে যাচ্ছেন। ওই জমি বিক্রি করে আর আসল টাকাও তোলা যাচ্ছে না।