পালানোর পর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে আদালতের বারান্দা থেকে গতকাল বুধবার উজ্জ্বল (৩২) নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে যান। তবে তিন ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পঞ্চগড় আদালতের পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা শহরের এক সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গত ১৩ জানুয়ারি উজ্জ্বলসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ বি এম
তারিকুল ইসলাম তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ কাঠগড়া থেকে জেলহাজতে নিয়ে যাওয়ার সময় আদালতের বারান্দা থেকে উজ্জ্বল পালিয়ে যান। উজ্জ্বল সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে ওই আসামিকে শহরের সিঅ্যান্ডবি মোড় থেকে গ্রেপ্তার করা হয়।