পালিয়েছেন সেই কবিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার সেই কথিত কবিরাজ সাত্তার আলী পালিয়ে গেছেন। ভেঙে ফেলা হয়েছে শামিয়ানা দিয়ে ঘেরা প্যান্ডেলও। অসুস্থ শরিফা বেগমকে পুলিশ স্থানীয় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে।
গতকাল শনিবার প্রথম আলোয় ‘জিন তাড়ানোর কুসংস্কার, নেচে-গেয়ে চলছে অপচিকিৎসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই কবিরাজ পালিয়ে যান।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনুফা সুলতানা বলেন, সংবাদ প্রকাশের পর থানা-পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, ‘ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তার আগেই কথিত কবিরাজ পালিয়ে যান। এলাকার মানুষকে পুলিশের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে ওই কবিরাজের তথ্য দেওয়ার জন্য। কবিরাজ ওই এলাকায় ঢোকা মাত্রই তাঁকে আটক করা হবে। আর অসুস্থ ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
জিন তাড়ানোর নামে ওই কবিরাজ গত বৃহস্পতি ও শুক্রবার তারাগঞ্জের প্রামাণিকপাড়া গ্রামের মাহিদুলের স্ত্রী অসুস্থ শরিফা বেগমকে (২৩) অপচিকিৎসা দিচ্ছিলেন। গতকাল শনিবার ওই চিকিৎসা শেষ হওয়ার কথা ছিল।