পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী ওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার বলেন, ‘মামলার পর প্রভাবশালী আসামিরা প্রকাশ্যে ঘুরছে। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়নি। অথচ আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই আজিজুল হক বলেন, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী গত ২০ জুলাই বিদ্যালয়ে যাচ্ছিল। পথে সনমান্দী ইউনিয়নের চরলাল গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন মিয়ার ছেলে অমিত হাসান ও তার তিন সহযোগী চরলাল গ্রামের পাশ থেকে ওই ছাত্রীকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর তারা তাকে একটি নির্জন বাগানবাড়িতে নিয়ে শ্লীলতাহানি করে এবং মুঠোফোনে এর ভিডিওচিত্র ধারণ করে। পরে এই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়।