গাইবান্ধায় রাতের বেলা কথিত উদ্ধার অভিযান চালাতে গিয়ে তিনজন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের পর এখন পালিয়ে বেড়াচ্ছেন বাদীসহ ভুক্তভোগী নারীরা।
ওই অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলার এক গৃহবধূ গত মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এই থানার ওসি পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই পাঁচ পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
দুপুরে অভিযোগকারী নারীর বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট শিশু ও বৃদ্ধরা ছাড়া কেউ নেই। গ্রামের মানুষের মধ্যেও আতঙ্ক। বাদী মুঠোফোনে বলেন, ‘মামলা দায়েরের পর নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বামী ও দুই সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।’ একই মুঠোফোনে তাঁর স্বামী বলেন, ‘পুলিশ নানাভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।’
এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি ও মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।’
মামলা ও বাদী সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ রাত আটটার দিকে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাদীর বাড়ি গিয়ে দরজা খুলতে বলে। এ সময় বাড়িতে থাকা নারী সদস্যরা দরজা খুলতে অপারগতা জানালে ফজলুর রহমানের হুকুমে পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢোকে। পরে বাদীসহ তিন নারীর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফজলুর রহমান তাঁদের হুমকি দেন এবং বাকি পুলিশদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিন নারীকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বাদী গত ৩১ মার্চ গোবিন্দগঞ্জ থানার ওসি, সংশ্লিষ্ট এসআই, কনস্টেবল আবদুল মান্নান ও মো. তুহিন এবং পুলিশ ভ্যানচালকের বিরুদ্ধে মামলা করেন (অজ্ঞাতনামা)।