পালিয়ে যাওয়া ৮ কিশোরের মধ্যে তিনজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটক।
প্রথম আলো

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) থেকে পালিয়ে যাওয়া আট কিশোর বন্দীর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ গতকাল সোমবার বিকেল ও সন্ধ্যার পর যশোর ও খুলনা থেকে তাদের উদ্ধার করে। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু উন্নয়ন কেন্দ্রটি অবস্থিত যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায়। গত রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কেন্দ্রের নিরাপত্তাচৌকির পেছনের একটি কক্ষের শৌচাগারের জানালা ভেঙে আট কিশোর পালিয়ে যায়। পালিয়ে যাওয়া কিশোরদের মধ্যে ছিল যশোরের ১৪, ১৫ ও ১৭ বছর বয়সী তিনজন, খুলনার ১৪ ও ১৭ বছরের দুজন, নড়াইলের ১৫ বছর বয়সী একজন, গোপালগঞ্জের ১৪ বছর বয়সী একজন এবং বরিশালের ১৫ বছর বয়সী একজন। তাদের মধ্যে হত্যা মামলার আসামি দুজন এবং হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি রয়েছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন বলেন, পালিয়ে যাওয়া কিশোরদের মধ্যে যশোরের দুজন এবং খুলনার একজন তাদের আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরিবারের সহযোগিতায় সেখান থেকে গতকাল বিকেলে যশোরের দুজনকে এবং সন্ধ্যার পর খুলনার একজনকে উদ্ধার করা হয়। পরে তাদের কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। পালিয়ে যাওয়া অন্য বন্দী কিশোরদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।