পালিয়ে রক্ষা পেল কিশোরী
চার বছর আগে দরিদ্র বাবা একমাত্র মেয়েকে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় এলাকার লোকজনের কথায় বিয়ে দেন। সেই বিয়ের পরই তাকে ঢাকায় নিয়ে দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। তাকে যৌন ব্যবসা করতে বাধ্য করা হয়। অবশেষে গত বৃহস্পতিবার রাতে পালিয়ে ফিরে এসেছে সেই কিশোরী।
কিশোরীর বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি এলাকায়। তার বাবা কখনো রিকশা চালিয়ে, আবার কখনো নির্মাণশ্রমিকের জোগালির (সহযোগী) কাজ করে যা পেতেন, তা দিয়ে কোনো রকমে চলত তাঁদের সংসার।
কিশোরীর বাবা জানান, ২০১৩ সালে স্থানীয় মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত তার মেয়ে। ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার কথা বলে জৈনকাঠি এলাকার সেহাকাঠি গ্রামের নুরুল আমিন খাজার ছেলে মাসুদ রানার সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব আনেন সোহেল নামের এক প্রতিবেশী। ওই বছরের ২০ মে সামাজিকভাবে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে মাসুদ রানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পাঁচ দিন পরে মাসুদ রানা তাকে ঢাকায় নিয়ে যান এবং এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। মাসুদ রানা ফোন করে জানান, ওই কিশোরীকে তাঁরা খুঁজে পাচ্ছেন না। এ ঘটনার পর মেয়েকে ফিরে পেতে ২০১৪ সালের ৭ জুলাই পটুয়াখালী আদালতে মামলা করেন কিশোরীর বাবা। মামলায় প্রধান আসামি করা হয় মাসুদ রানাকে; যা এখনো আদালতে বিচারাধীন।