পালিয়ে রক্ষা পেলেন হাতিয়ার অপহৃত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের ফরেস্ট সেন্টার বাজার থেকে গত শুক্রবার বিকেলে অপহৃত স্কুলশিক্ষক আহসান উল্লাহ পালিয়ে রক্ষা পেয়েছেন।
অভিযোগ উঠেছে, সীমানা বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগতির চরগাজী এলাকার একদল সন্ত্রাসী তাঁকে মারধরের পর অপহরণ করে।
আহসান উল্লাহ গতকাল শনিবার বলেন, সন্ত্রাসীরা তাঁকে অপহরণের পর বয়ারচরের রহমতপুর এলাকার একটি বাড়িতে আটকে রাখে। সন্ত্রাসীরা তাঁকে সেখানে নিয়ে মারধর করে। তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি পাহারায় থাকা লোকজনের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে সুবর্ণচর উপজেলার সীমানায় তাঁর পরিচিত এক স্কুলশিক্ষকের বাড়িতে গিয়ে ওঠেন। পরে সেখান থেকে একই এলাকায় আরেক আত্মীয়ের বাড়িতে ওঠেন এবং সেখানে চিকিৎসা নেন।
জানতে চাইলে সদর সার্কেলের এএসপি নবজ্যোতি খীসা বলেন, রাত সাড়ে ১০টার দিকে অপহৃত স্কুলশিক্ষককে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হাতিয়া উপজেলার সঙ্গে সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে বয়ারচরে ১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সন্ত্রাসীরা।