পাল্টাপল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় কর্মীর বিচারের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন এক ছাত্রী। এদিকে ওই কর্মীদের মারধরের বিচার দাবিতে পাল্টা অভিযোগ দিয়েছেন তাঁরা।
জানা যায়, ফজিলাতুন্নেসা হলের সামনে এক ছাত্রীকে উদ্দেশ করে বাজে মন্তব্য করেন ছাত্রলীগ কর্মী ও বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র ফিরোজ মাহমুদ, এ এস এম শফি কামাল, জামিনুর রহমান, রাকিবুল হাসান, নিয়াজ মোর্শেদ ও আসাদুজ্জামান পলাশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব আহমেদ তাঁদের দাঁড় করে মারধর করেন। পরে সালাম বরকত হলের ছাত্রলীগের নেতা-কর্মীরাও তাঁদের মারধর করেন।
মারধরের বিচার দাবিতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের ছয় কর্মী। এ ছাড়া মারধরের বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থী-ব্যানারে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারের পাশে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এরপর তাঁরা উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্ত্যক্ত করার অভিযোগে ছয় ছাত্রলীগ কর্মীর বিচার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে সচেতন শিক্ষার্থীবৃন্দ-ব্যানারে একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা। এর আগে গতকাল দুপুরে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, আজ (গতকাল) দেড়টার দিকে দুটি লিখিত অভিযোগই পেয়েছি। অভিযোগ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।