পাল্টাপাল্টি জমি দখল, সংঘর্ষে আহত ৮ তিনজন গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চিংড়িঘেরের জমি পাল্টাপাল্টি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনার সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিরা হলেন আবদুল কাদের, আলীমুদ্দিন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, খোকন সরদার, ওবায়দুল ইসলাম, সাইফুল ইসলাম, ফরিদা খাতুন ও রমজান আলী। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী সালাউদ্দীন হোসেন বলেন, হাজীপুরগ্রামে তাঁর ভাই বশির আহমেদের ৭০ বিঘা জমির মধ্যে ৩০ বিঘা জমি বুধবার ভোরে শরিফুজ্জামান গাজী ও সালাউদ্দিন গাজীর নেতৃত্বে ভূমিহীনদের নামে একটি পক্ষ দখল করে নেয়। এ ঘটনায় তাঁরা থানায় দুটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর ভাইয়ের লোকজন ঘেরে গেলে দখলকারীরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর ভাইয়ের পক্ষের আবদুল কাদের, আলীমুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন ও খোকন সরদার আহত হন। তিনি আরও বলেন, ওই ঘেরের পাশে শরিফুজ্জামান গাজীর ২৭০ বিঘার ঘের রয়েছে। চলতি বছর ওই ঘের থেকে ১৮০ বিঘা জমি তাঁর ভাই জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়েছেন। কিন্তু শরিফুজ্জামান গাজী তাঁকে ঘের না করতে দেওয়ার জন্য ভূমিহীন সেজে এসব করছেন।
শরিফুজ্জামান গাজী বলেন, তিনি হাজীপুর ভূমিহীন সমিতির উপদেষ্টা। বশির আহমেদের দখলে থাকা ২৮ বিঘা খাসজমি বুধবার দখলে নেন ভূমিহীনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বশির আহমেদের লোকজন তাঁর ২৭০ বিঘা জমির ঘেরে হামলা চালান। তাঁরা ঘেরের চৌকিঘর, থাকার ঘর ও রান্নাঘর ভাঙচুর করেন। এ সময় সংঘর্ষে তাঁর পক্ষে ওবায়দুল ইসলাম, সাইফুল ইসলাম, রমজান আলী, ফরিদাসহ সাত-আটজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
শরিফুজ্জামান আরও বলেন, তাঁর ঘেরের জমি থেকে বশির আহমেদ এক ছটাক জমিও ইজারা নেননি। তাঁর দখলে থাকা খাসজমি বেদখলের ভয়ে তিনি তাঁর লোক দিয়ে ভূমিহীনদের নামে দুটি মিথ্যা মামলা দিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, একটি ঘের বশির আহমেদ করতেন। ওই ঘের থেকে কিছু অংশ বুধবার ভূমিহীনদের একটি পক্ষ দখল করে নেয়। আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সে জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বশির আহমেদের পক্ষ থেকে থানায় দুটি মামলা করা হয়েছে। কাটাখালী গ্রামের বৈদ্যনাথ মণ্ডল, আলমগীর হোসেন ও হাজীপুর গ্রামের আহসান সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভূমিহীনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।