পাল্টাপাল্টি ধাওয়া-ভাঙচুর, ভোট সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চার নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে ভোট সাময়িক বন্ধ ছিল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত রানার (ঘোড়া প্রতীক) কর্মীরা মোটরসাইকেল নিয়ে কেন্দ্রের বাইরে আমবাগানে অবস্থান করছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী আইয়ুব আলীর সমর্থকেরা তাদের ধাওয়া দেয়। তারা বিদ্রোহী প্রার্থীর কর্মীদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নুরন্নবী জানান, এতে ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার ভোট নেওয়া শুরু হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেন, ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।