পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং ওই ঘটনার প্রতিবাদ করা নিয়ে ঘটনার সূত্রপাত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। এর আগে সমাবর্তনস্থলে বালি ফেলার কাজে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বদিউজ-জামান বাদলের গাড়ি ব্যবহার করা হয়। ওই সময় বাদলের ভাই শরীফ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিষয়টি জেনে সহপাঠীরা শরীফকে মারধর করেন। পরে শরীফ ক্ষিপ্ত হয়ে অণুজীব বিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছেলেদের একমাত্র হল শহীদ মশিয়ুর রহমান হলের ছাত্ররা সমাবেশ করেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বাদলকে ডেকে ঘটনার প্রতিবাদ জানান। এতে বাদল ক্ষিপ্ত হলে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বাদলকে মারধর করেন এবং তাঁর মোটরসাইকেলে আগুন দেন। খবরটি ছড়িয়ে পড়লে বাদলের আত্মীয়স্বজনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শ্যামনগর গ্রামের লোকজন লাঠি-সোঁটা নিয়ে ক্যাম্পাসে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রশাসনিক ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মূল ফটকের পাশের একটি দোকান ঘর ও একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন। রাতে ক্যাম্পাস এলাকায় ৩৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আশপাশের অন্তত ৫০০ শিক্ষার্থী বিভিন্ন ছাত্রাবাসে থাকেন। ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। শনিবার এ বিষয়ে বৈঠক করে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের এক আনসার সদস্য আহত হয়েছেন। ছাত্রদের আঘাতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক সাহেব আলী ও কর্মচারী জাহিদ হাসান আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত বাদলকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।