সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ঘের ঘটনায় গতকাল সোমবার পাল্টাপাল্টি সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবদুল হকের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের একাংশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
অপর দিকে স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেনের সমর্থনে যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলীর নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় তাড়াশ উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখ বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সাংসদ আমজাদ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে গতকাল রাত ১০টা পর্যন্ত থানায় মামলা নথিভুক্ত হয়নি। পুলিশ বলছে, মামলা প্রক্রিয়াধীন।
গত রোববার তাড়াশ উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা সভায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবদুল হকসহ পাঁচজন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে কেটলি দিয়ে মাথায় আঘাত করা হলে আবদুল হক গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
থানা-পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।
বক্তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির ওপর হামলাকারী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তাঁদের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য দাবি জানান।
অপর দিকে যুবলীগ নেতা ফরহাদ হোসেনের নেতৃত্বে সাংসদের সমর্থনে উপজেলা সদরে একটি পাল্টা মিছিল বের করা হয়। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাবের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান প্রমুখ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর আলম জানান, উভয় পক্ষই পৃথক পৃথকভাবে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
আহত আবদুল হক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাই ডিপেনডেন্সি ইউনিট থেকে গতকাল সোমবার বিকেলে তাঁকে কেবিন ব্লকে নেওয়া হয়েছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন আবদুল হকের মেয়ে মৌসুমি হক। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাবার মাথা থেকে রক্তক্ষরণ বন্ধের জন্য সিরাজগঞ্জের হাসপাতালে যে সেলাই করা হয়েছিল, ঢাকা মেডিকেলের চিকিৎসক সেই সেলাই খুলে নতুন সেলাই দিয়েছেন।