পাল্টাপাল্টি মামলা ১০ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এক পক্ষ আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। সংঘর্ষের সময় গ্রেপ্তার ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
গত শনিবার ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন একাকার ও কনকর্ডের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
কনকর্ড পক্ষের হয়ে মামলাটি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসম্পাদক আবদুল মালেক। মামলায় একাকার পক্ষের সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে একাকার পক্ষের হয়ে মামলা করেন বিলুপ্ত কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। মামলায় কনকর্ড পক্ষের ১০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই প্রতিপক্ষের নেতা-কর্মীদের আসামি করে মামলা করেছে। এ ছাড়া সংঘর্ষের সময় গ্রেপ্তার ১০ জনকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আটক ১০ জনকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম মুন্সি মশিয়ার রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ছাত্রলীগ সূত্র জানায়, শনিবার সংঘর্ষের সময় এবং ওই দিন রাতে দুই হলেই প্রতিপক্ষের কক্ষ ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ জন্য ছাত্রলীগের এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে।
ভাঙচুরের বিষয়ে শাহজালাল হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘আমার হলে চারটি কক্ষ ভাঙচুর হয়েছে বলে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
শাহ আমানত হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘আমার হলে চারটি কক্ষ ভাঙচুর হয়েছে। আরও দুটি কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। কক্ষ ভাঙচুর করে চুরি-ডাকাতি করা এটা কোন সংস্কৃতি। কিছুদিন আগে আলাওল ও এফ রহমান হলে এমন ঘটনা ঘটেছে। এটি খুব খারাপ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এসব ঘটনায় কারা জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে।’
এদিকে সংঘর্ষের সময় দুই পক্ষের সঙ্গে যুক্ত না থাকার পরেও ছাত্রলীগের কিছু নেতার কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদেরই একজন বিলুপ্ত কমিটির সদস্য তায়েফুল হক। তিনি জানান, শাহজালাল হলে তাঁর কক্ষ ভাঙচুর করে ল্যাপটপ, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।