দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলায় কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির শতাধিক কর্মীকে আসামি করা হয়েছে। গত বুধবার রাতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাতজনসহ ১২ জন আহত হন।
গতকাল সোমবার কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় মাস আগে শফিকুল গণিকে জেলা ছাত্রলীগের সভাপতি ও আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। পদবঞ্চিত নেতা-কর্মীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য খায়রুজ্জামান ওরফে পুটন। কমিটির পক্ষে-বিপক্ষে উভয় পক্ষ ধারাবাহিকভাবে শহরে মিছিল, সভা, মানববন্ধন কর্মসূচি পালন করাসহ ভাঙচুরের ঘটনা ঘটায়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় দুটি মামলা হয়েছে। শহরের গাইটাল মহল্লার বাসিন্দা ইদ্রিস আলী এবং পুরানবাজার মহল্লার বাসিন্দা আক্তারুজ্জামান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেছেন। সংগঠনটির নেতা-কর্মীরা জানান, মামলা দুটির বাদী ইদ্রিস আলী ও আক্তারুজ্জামান ছাত্রলীগ কমিটির পদবঞ্চিত খায়রুজ্জামানের পক্ষের লোক এবং আসামিরা তাঁদের প্রতিপক্ষ।
এর আগের দিন শুক্রবার শফিকুল গণি বাদী হয়ে একটি মামলা করেন। হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় দলীয় প্রতিপক্ষ খায়রুজ্জামানসহ ছয়জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। তিনটি মামলায় অজ্ঞাতনামা শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। শনিবার আলটিমেটামের সময়সীমা শেষ হলেও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এখন আমরা কঠোর আন্দোলনে যাব।’ হামলার জন্য বর্তমান কমিটির অনুসারীদের দায়ী করে খায়রুজ্জামান বলেন, আন্দোলনের মাধ্যমেই বিবাহিত ও ব্যবসায়ী-নির্ভর কমিটি বিলুপ্ত করতে বাধ্য করা হবে।