পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে একটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। এদিকে অপর পক্ষ গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয় লোকজন ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘বাউফলে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বুধবার রাত নয়টার দিকে বাউফল পৌরসভার কুন্ডুপট্টি এলাকায় পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র জিয়াউল হক, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ইউসুফ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান। উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, তাঁকে হত্যা করার উদ্দেশ্যে তাঁর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

অপর পক্ষ তাঁদের কয়েক নেতা-কর্মীকে মারধরের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, দুই পক্ষের দায়ের করা দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আরেকটি মামলা প্রক্রিয়াধীন আছে।