নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক গৃহবধূকে মুঠোফোনে উত্ত্যক্তের জের ধরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গৃহবধূর স্বজনদের হামলায় দুজন আহত হয়েছেন। পাল্টা হামলায় একটি সার-কীটনাশকের দোকানসহ দুটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মশিন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে গোলাম সাকলাইন (৩৩) ও তালিম হোসেন (৪০)। তাঁদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাম সাকলাইন একই গ্রামের জলিল শাহরপুত্রবধূকে দীর্ঘদিন থেকে মুঠোফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। একাধিকবার নিষেধ করেও কোনো কাজ হয়নি। কয়েন-বড়াইগ্রাম সড়কে মশিন্দা গ্রামের জলিল শাহর বাড়ি-সংলগ্ন গোলাম সাকলাইনের ডেকোরেটরের দোকান রয়েছে। ওই দোকানে উচ্চশব্দে অশ্লীল গান বাজানোরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
গোলাম সাকলাইন গতকাল সকালে জলিল শাহর পুত্রবধূর মুঠোফোনে শতাধিকবার কল দিলে ফোনটি নিয়ে সাকলাইনের দোকানে আসেন জলিল শাহ। এরপর উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাকলাইন ও তাঁর ভাই তালিম হোসেনকে বেদম পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে সাকলাইনের লোকজন এসে জলিলের সার-কীটনাশকের দোকান, বাড়ি এবং তাঁর ভাই আবদুল মান্নান শাহর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাকলাইন ও তালিমকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে পাঠায় স্বজনেরা। জানতে চাইলে গোলাম সাকলাইন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর মুঠাফোন নম্বর থেকে ওই
গৃহবধূর মুঠোফোনে কোনো কল করা হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।