চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় গত শুক্রবার রাতে পাল্টাপাল্টি হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে মিন্টু।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার রাত নয়টার দিকে মৌলভীর দোকান এলাকায় যুবলীগের নেতা দেলোয়ার হোসেনকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এরপর দেলোয়ার মুঠোফোনে তাঁর লোকজনকে ডেকে এনে মহিউদ্দিনকে পিটিয়ে আহত করেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘মহিউদ্দিনের নির্দেশে আওয়ামী লীগ ও এলডিপির নেতারা আমার ওপর হামলা চালিয়েছে। আমাকে উদ্ধারের জন্য প্রতিবেশী ও যুবলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপর কী হয়েছে, তা আমি জানি না।’ তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘দেলোয়ার পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার ওপর হামলা চালিয়েছে।’
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, বিরোধের কারণে গত শুক্রবার দুই পক্ষে মারামারি হয়।