পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধসহ আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় কলেজছাত্রসহ তিনজন ছররা গুলিতে আহত হয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে আহত হয়েছে আরও অন্তত নয়জন।
গত সোমবার দিবাগত রাতে ও গতকাল মঙ্গলবার সকালে ব্রিজবাজার ও দক্ষিণ শুল্লাকিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
ছররা গুলিতে আহত কলেজছাত্র রাকিব উদ্দিন (১৭) এবং পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত মোতাহের হোসেন ওরফে বাবুল (৩০) ও সাখাওয়াত হোসেনকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছররা গুলিতে আহত জাহেদ উদ্দিন ও দুলাল উদ্দিন এবং পিটুনিতে আহত মো. ইউছুফ, আবদুল কাদির, মাদল হক, আবদুল কুদ্দুছ, জয়নাল আবদিন, আবদুল হাই ও নাদিম উদ্দিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতিয়া উপজেলায় গত বছরের ২২ মার্চ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। চরকিং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। পরাজিত হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহিউদ্দিন মহিন। নির্বাচনের পর থেকে সেখানে সহিংসতা লেগে আছে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় দুজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে মহিউদ্দিন মহিনের দুই সমর্থক মোতাহের হোসেন ও সাখাওয়াত হোসেনকে বাড়ি থেকে ডেকে ব্রিজবাজারে এনে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন মো. মহিউদ্দিনের সমর্থকেরা। এ ঘটনার জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল সকালে একপক্ষ অপরপক্ষের সমর্থকদের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়। সকাল নয়টার দিকে মহিউদ্দিন মহিনের সমর্থক রাকিব উদ্দিন দক্ষিণ শুল্লাকিয়া গ্রামের বাড়ি থেকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে যাওয়ার পথে পেছন থেকে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ছররা গুলি তার পিঠে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাকিব হাতিয়া দ্বীপ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের মধ্যে ছররা গুলিতে আহত হয়েছে তিনজন।
মহিউদ্দিন মহিনের অভিযোগ, বিজয়ী চেয়ারম্যান মহিউদ্দিনের লোকজন এলাকায় একের পর এক হামলা-ভাঙচুর-গুলির ঘটনা ঘটিয়ে চরকিংকে আতঙ্কের জনপদে পরিণত করেছে।
তবে আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রথম আলোকে বলেন, বহিরাগত কিছু বনদস্যু সকালে ব্রিজবাজারে এসে গোলাগুলি ও বাড়িঘরে হামলা-ভাঙচুর করে চলে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, চরকিং ইউনিয়নে বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর মধ্যে চলে আসা বিরোধের জের ধরে গত সোমবার রাতে ও গতকাল সকালে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তিনি জানান, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।