নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাল্টাপাল্টি হামলার ঘটনায় চার ছাত্র আহত হয়েছেন। এ ছাড়া ছাত্র হলের কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিজেদের প্রভাব দেখাতে গতকাল বুধবার ছাত্রলীগ নামধারী একদল ছাত্র দুপুরে ক্যাম্পাসে মহড়া দেয়। এরই এক পর্যায়ে বেলা পৌনে একটার দিকে ভাষাশহীদ আবদুস সালাম হলের সামনে শিবিরকর্মী সন্দেহে তাঁরা দুজনকে পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিরা হলেন ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. জাকারিয়া ও তৃতীয় বর্ষের ছাত্র প্রিতম ভৌমিক। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা দুইটার দিকে ছাত্র হলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নামধারী অষ্টম ও নবম ব্যাচের দুই দল ছাত্রের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিকেল পাঁচটার দিকে দুই পক্ষ প্রতিপক্ষের কক্ষে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর চালায়। এ সময় লাঠিসোঁটার আঘাতে ব্যবসা প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. প্রোমেল এবং পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. বিপ্লব (২০) আহত হন। আহত চার ছাত্রকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য এম অহিদুজ্জামান প্রক্টর নেওয়াজ মো. বাহাদুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমানকে প্রক্টরের দায়িত্ব দেন। সন্ধ্যায় নতুন প্রক্টর পুলিশ নিয়ে ছাত্র হলে গিয়ে বিবদমান দুই পক্ষকে শান্ত করেন।
ছাত্র হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ ইউসুফ মিঞা প্রথম আলোকে বলেন, অষ্টম ও নবম ব্যাচের দুই ছাত্রের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে প্রথম ও দ্বিতীয় তলার বেশকিছু কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
উপাচার্য এম অহিদুজ্জামান ও প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান দুই ছাত্রের হামলার শিকার হওয়া ও ছাত্র হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার কথা স্বীকার করেছন।