পাল্টাপাল্টি হামলায় দুই ব্যবসায়ী আহত
রংপুরের পীরগাছা উপজেলায় টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে দুই ব্যবসায়ী একে অপরকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার নগরজিৎপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন পীরগাছা উপজেলার নগরজিৎপুর এলাকার মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৮) ও মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ এলাকার ছাগল ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫)।
পীরগাছা পুলিশ জানায়, দুই ব্যবসায়ীর মধ্যে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গত শনিবার রাত ১০টার দিকে পীরগাছা উপজেলার নগরজিৎপুর এলাকায় পুলিশ পাঠানো হয়। সেখান থেকে আহত শরিফুল ও জাহাঙ্গীরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের মধ্যে শরিফুলের হাতে, গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর জাহাঙ্গীরের হাত ও মাথায় জখম রয়েছে। এই দুই ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন অবস্থায় আহত দুজনেই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। গতকাল রোববার সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল বলেন, ‘জাহাঙ্গীরের কাছে টাকা পাই। এই টাকা চাওয়াই আমার অপরাধ হয়েছে। তাই আমার ওপর হামলা চালানো হয়েছে। নিজেকে রক্ষা করতে গিয়ে হয়তো সেও (জাহাঙ্গীর) একটু আহত হয়েছে।’
শরিফুলের অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, ‘শরিফুল হামলা করতে এলে আমি প্রতিরোধ করলে এ ঘটনা ঘটে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে রাতে মামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সাইফুর রহমান আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পীরগাছা ও মিঠাপুকুর এই দুই উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। দুজনের বাড়ি দুই উপজেলায়। এ কারণে তদন্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে।