পাল্টাপাল্টি হামলায় যুবলীগ নেতাসহ দুজন আহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে গতকাল সোমবার যুবলীগের এক নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এর জের ধরে রাতে অপর পক্ষের ছাত্রলীগের এক নেতার বাবাকে মারধর করা হয়েছে। দলীয় কোন্দলের জের ধরে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
যুবলীগের আহত নেতার নাম এনায়েত হোসেন কবীর ওরফে শামীম (৩২)। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও গোহালাকান্দা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। অপর আহত ব্যক্তি হলেন জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক উপসম্পাদক মো. হানিফের বাবা মো. কেরামত আলী (৫০)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার বাসিন্দা ও থানার পুলিশ সূত্র জানায়, গতকাল স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের সমর্থক এনায়েত হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্যামগঞ্জ বাজারে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তরঙ্গ সিনেমা হলের সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনের পক্ষের ৮-১০ জন তাঁর গতি রোধ করেন। তাঁরা মোটরসাইকেল থেকে নামিয়ে এনায়েতকে রড দিয়ে বেধড়ক মারধর করেন। এতে এনায়েত মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং হাত-পা ভেঙে যায়। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয় লোকজন এনায়েতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল থেকে মুঠোফোনে এনায়েত হোসেন গত রাত আটটার দিকে বলেন, তাঁর দুই হাতে ব্যান্ডেজ করা হয়েছে। ডান পায়ের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এলাকাবাসী ও পুলিশ আরও জানায়, ওই ঘটনার প্রতিবাদে পুলিশের পাহারায় রাত সাড়ে আটটার দিকে সাংসদ ওয়ারেসাত হোসেনের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহম্মদ হোসেনের সমর্থক মো. কেরামত আলীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান ও কেরামত আলীকে মারধর করেন। একই সময় বাজারের কুমুদগঞ্জ এলাকায় গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাসনাত জামানের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। পরে কেরামত আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক উপসম্পাদক মো. হানিফ বলেন, সাংসদের লোকজন তাঁর বাবার মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করেছেন। তাঁদের ছাপাখানার কম্পিউটারসহ জিনিসপত্র ভাঙচুর করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দুই ধারায় বিভক্ত। এর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ ওয়ারেসাত হোসেন; অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। পক্ষ দুটি দলীয়, জাতীয়সহ বিভিন্ন অনুষ্ঠানে আলাদা কর্মসূচি পালন করে আসছে। এর জের ধরে গতকাল ওই ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহম্মদ হোসেনের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি। সাংসদ ওয়ারেসাত হোসেনের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, রাতে পুলিশি পাহারায় হামলার কথা সত্য নয়। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।