পাস না করা ছাত্রের ফাঁস লাগানো লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ সোমবার সকালে বদরুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বদরুল কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। গতকাল রোববার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় তিনি অকৃতকার্য হয়েছেন।
বদরুল উপজেলার ভূকশিমইল ইউনিয়নের কোরবানপুর গ্রামের গফুর আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষায় ফেল করার পর বদরুল মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে তিনি একাই একটি ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকাল সাতটার দিকে পরিবারের সদস্যরা বেশ কিছু সময় ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলেন। তাঁরা ঘরের আড়ার সঙ্গে ছোট বোনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বদরুলের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, পরীক্ষার ফল খারাপ হওয়ায় অভিমানে বদরুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন ও এলাকাবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।