পাশবিক নির্যাতনের শিকার শিশুটি সুস্থ হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশবিক নির্যাতনের শিকার শিশুটির অস্ত্রোপচার সফল হয়েছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। গত শনিবার তাকে হাসপাতালের ওয়ার্ড থেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান নওশাদ আলী জানান, তিনি ঝুঁকি নিয়ে শিশুটির ক্ষতস্থানে অস্ত্রোপচার করেছিলেন। এখন তাঁরা নিশ্চিত হয়েছেন, সেটা সফল হয়েছে। ফের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। শিশুটি তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিন বছরের এই আদিবাসী শিশুটি তার নিকটাত্মীয় কর্তৃক ধর্ষণের শিকার হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
এ নিয়ে ৫ জুলাই প্রথম আলোতে ‘পাশবিক নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও এটা নিয়ে প্রচারণা শুরু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের গড়া সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’ শিশুটির অস্ত্রোপচারে প্রথম আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। এরপর দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ তার পাশে দাঁড়ায়। তাদের পাঠানো টাকায় তার চিকিৎসা শেষেও প্রায় এক লাখ টাকা উদ্বৃত্ত থাকছে। যাঁরা এই সাহায্য পাঠিয়েছেন, তাঁদের অনুরোধে শিশুটির পুনর্বাসনের জন্য প্রথম আলোর স্থানীয় কার্যালয়, হাসিমুখ ফাউন্ডেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ব্যাংকে একটি স্থায়ী হিসাব খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে মামলার আসামি এখনো গ্রেপ্তার হয়নি। গতকাল আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।