পাষাণ ছেলেরা মাকে ফেলে গেল রাস্তায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০ বছরের হাসিনা বেগম। চোখে ঠিকমতো দেখেন না। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। স্মৃতিশক্তি লোপ পেয়েছে। রোজা বা ঈদের আমেজের ছোঁয়া জোটেনি তাঁর ভাগ্যে। জীবনের এই পড়ন্ত সময়ে সন্তানদের সঙ্গেই থাকার কথা ছিল তাঁর। অথচ ভাগ্য এতটাই নির্মম যে তাঁকে বস্তায় ঢুকিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় ফেলে রাখা হলো।
ঘটনার তিন দিন পর ১৬ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও গাউছুল আজম হাসিনাকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ইউএনও বলেন, হাসিনাকে তাঁর দুই ছেলে একটি বস্তায় ভরে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার শাসনগাঁও এলাকার একটি সড়কের পাশে ফেলে দিয়ে যান। তিন দিন সড়কে পড়ে থাকার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও বলেন, হাসিনা বেগমের মতো অসহায় মানুষদের আশ্রয় দেওয়ার জন্য নারায়ণগঞ্জে কোনো ব্যবস্থা নেই। এ জন্য শহরে একটি বৃদ্ধাশ্রম প্রয়োজন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগের ৩০৯ নম্বর কক্ষে আছেন হাসিনা। কখনো ছেলের নাম বলছেন শাহ আলম। আবার কখনো মামুন। কখনো বলছেন তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আবার কখনো বলছেন ভৈরব। হাসপাতালে মরিয়ম নামের এক নারী তাঁকে দেখভাল করছেন। মরিয়ম জানান, হাসিনা এখনো তাঁর ছেলেদের কথা বারবার বলছেন। তিনি এখনো প্রতীক্ষায় আছেন যে ছেলেরা তাঁকে দেখতে আসবে ও সঙ্গে নিয়ে যাবে।
কর্তব্যরত চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ভর্তির পর থেকেই হাসিনা অপুষ্টিতে ভুগছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। তাঁর আরও চিকিৎসা প্রয়োজন।