নির্বাচনী পরীক্ষায় পাস না করেও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের দাবিতে শিক্ষার্থীরা গতকাল সোমবার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। একই দাবিতে তারা দ্বিতীয় দিনের মতো কলেজে তালা ঝুলিয়ে দেয়।
নোয়াখালীর চাটখিল মাহবুব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় পাস করতে না পারা শিক্ষার্থীরা দুই দিন ধরে আন্দোলন করছে। রোববারও একই দাবিতে তারা কলেজে তালা ঝুলিয়ে দেয়।
পুলিশ ও কলেজ সূত্র জানায়, গতকালও সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে হইচই ও বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে তারা কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা শিক্ষকদের কক্ষ থেকে বের করে দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, কলেজের ছাত্ররা পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি জানানোর পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।