পাস বই দিতে দুস্থদের কাছ থেকে নেওয়া হলো টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক দুস্থ ভাতাভোগীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বরাদ্দের টাকা ব্যাংক থেকে তোলার জন্য দুস্থদের পাস বই দেওয়ার সময় এ টাকা নেওয়া হয়। দুস্থদের নাম অনলাইনে নিবন্ধনের কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।
উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে প্রতিবন্ধী কোরবান আলী (৪০) বলেন, ‘৫০০ টেহা না দিলে আমার পাস বই দেয় নাই। পাস বই না হইলে টেহা পাওয়া যাইব না। তাই অন্যের কাছ থাইকা টেহা হাওলাত কইরা আইনা পাস বই নিছি।’
ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের মির বক্সের স্ত্রী অমিচা বেওয়া (৫০) বলেন, ‘এক দিনের লাইগা একজনের কাছ থাইকা ধার কইরা টেহা আইনা ৫০০ টেহা দিয়া পাস বই নিছি। সন্ধ্যায় এই টেহা নিয়া যাইয়া পাওনাদাররে দিয়া দিমু।’ একইভাবে ২০ থেকে ৩০ জন ভাতাভোগীর সঙ্গে কথা বলে একই ধরনের তথ্য পাওয়া যায়।
উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর থেকে ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় এ বছর ৬৭ জন প্রতিবন্ধী, ৩২৮ জন বয়স্ক এবং ১৪১ জন বিধবা মোট ৫৩৬ জন দুস্থকে নতুন ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এসব ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রতিবন্ধীদের প্রত্যেকের জন্য ৫০০ টাকা করে এক বছরে ৬ হাজার এবং বয়স্ক ও বিধবাদের প্রত্যেকের জন্য ৪০০ টাকা করে ৪ হাজার ৮০০ টাকা হিসেবে মোট ২৬ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা বরাদ্দ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল রাজশাহী কৃষি ব্যাংক ধুনট উপজেলা শাখা থেকে এই টাকা তুলে দুপুরেই ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের ভাতাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। বাকি ভাতাভোগীর মধ্যে পরে আবার টাকা বিতরণের কথা রয়েছে। গতকাল টাকা বিতরণের আগেই উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক সকাল ১০টার দিক থেকে নিজ কার্যালয় থেকে তালিকাভুক্ত ব্যক্তিদের পাস বই দেওয়ার সময় ৫০০ টাকা করে নেন। এসব দুস্থ মানুষের নাম অনলাইন নিবন্ধনের কথা বলে টাকাটা নেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক অবশ্য দাবি করেন, ‘আমার অফিসে জনবলের অভাব রয়েছে। অফিসে কম্পিউটার অপারেটর নেই। এসব ভাতাভোগীর নামের তালিকা অনলাইনে নিবন্ধনের কাজ বাইরে থেকে করতে হবে। এই কাজ করতে অনেক খরচ হবে। অথচ সরকারি কোনো বরাদ্দ নেই। এ কারণে আজ শুধু ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের তালিকাভুক্ত প্রায় ৭০ জনের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে আবার গরিব বলে এক-দুই শ টাকা কমও দিয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেই এ কাজ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভাতাভোগীদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলার সাবেক ইউএনও ও বর্তমানে ঈশ্বরদী রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, দুস্থ ভাতাভোগীদের তালিকা পাঠানোর পর সে অনুপাতে অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়। তাঁদের মাঝে টাকা বিতরণের পর সমাজসেবা কার্যালয়ে নিজ দায়িত্বে অনলাইনে নাম নিবন্ধন করতে হয়। এ বিষয়ে ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো বিধান নেই।
রাজশাহী কৃষি ব্যাংক ধুনট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে প্রায় ২০০ ভাতাভোগীর মধ্যে টাকা বিতরণ করা হয়েছে। বাকি টাকা আগামীকাল বিতরণ করা হবে। ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে আমার জানা নেই।’