পাসপোর্ট অফিসের কর্মচারীসহ আট দালাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট অফিসের দুই কর্মচারীসহ আট দালালকে র্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন মো. বায়েজীদ, আবু হানিফ, শ্যামল হোসেন, শহিদুল ইসলাম, মোস্তফা, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও শিবদাস।
গতকাল সোমবার বিকেল পাঁচটায় যাত্রাবাড়ীর রায়েরবাগে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা, ১৩টি পাসপোর্ট, আটটি মোবাইল ফোনসেটসহ পাসপোর্টের বেশ কিছু আবেদনপত্র জব্দ করা হয়। আটকদের মধ্যে রফিকুল ইসলাম ও শিবদাস পাসপোর্ট অফিসের কর্মচারী। এই দুজনকে ১৫ দিনের এবং বাকি ছয়জনকে তিন মাসের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় দালাল চক্রটি পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। পাসপোর্ট করিয়ে দেওয়ার নাম করে তাঁরা মোটা অঙ্কের অর্থ আদায়
করতেন। কিন্তু সময়মতো পাসপোর্ট দিতেন না। অভিযোগ পেয়ে গতকাল এই অভিযান চালানো হয়। হাতেনাতে এই আট দালালকে গ্রেপ্তার করা হয়।