রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে গতকাল রোববার দুপুরে ১৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। অল্প সময়ে পাসপোর্ট তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হয়রানির অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়।
র্যা ব জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট প্রার্থীদের বিভিন্নভাবে বিরক্ত করছিল। চক্রের সদস্যরা প্রার্থীদের টাকার বিনিময়ে ফরম পূরণ, সত্যায়ন, ব্যাংকে ফি জমা দেওয়ার পাশাপাশি পুলিশি তদন্ত ছাড়াই দ্রুত পাসপোর্ট তৈরি করে দেওয়ার প্রলোভন দেখান। প্রার্থীরা রাজি না হওয়া পর্যন্ত চক্রের সদস্যরা তাঁদের বিরক্ত করতে থাকেন। এটি বন্ধে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও প্রচার চালানো হয়। কিন্তু তাতেও চক্রের কার্যক্রম বন্ধ না হওয়ায় গতকাল র্যা ব-২-এর পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়। অভিযানে আটক ১৭ জনকে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বিভিন্ন মেয়াদে দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাকছুদ হোসেন, কিবরিয়া, ইমন হোসেন, লিটন শেখ, হেমায়েত, আবুল খায়ের, আবদুল মোমেন, তারেক শেখ, তারেকুল ইসলাম, মামুন হোসেন, সামছুদ্দিন, মহসিন উদ্দিন, মামুনুর রহমান, শামীম হায়দার, নুরুজ্জামান, হানিফ আলী ও ইসমাইল হোসেন।