পাসপোর্ট ও জাল ভিসাসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট, জাল ভিসা, ভিসা তৈরির সরঞ্জামসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। গত রোববার থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত কমলাপুর ও নয়াপল্টন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতিন মিয়া (৪৭), জাহাঙ্গীর আলম (৪৫), আবুল হোসেন (৮১), নূর ইসলাম (৩০), রেজাউল করিম (৩১), তৈয়ব আলী (৪৮), বেল্লাল হোসেন (৩৬) ও আবুল হোসেন (৩৬)। তাঁদের কাছ থেকে ১ হাজার ২৩০টি পাসপোর্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লিবিয়া, সিঙ্গাপুরসহ ১৮টি দেশের প্রায় ২ হাজার ৩০০টি জাল ভিসা, ভিসা তৈরির সরঞ্জাম ও একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে গতকাল দুপুরে র্যাবের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, রোববার সন্ধ্যা ছয়টায় উত্তর কমলাপুরের ইনসাফ হোটেল থেকে মতিন মিয়া ও জাহাঙ্গীর আলমকে ৫১টি জাল ভিসাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য নিয়ে নয়াপল্টনে একটি চায়ের দোকানের সামনে থেকে আবুল হোসেন ও নূর ইসলামকে লিবিয়ার ৩০টি জাল ভিসাযুক্ত পাসপোর্টসহ গ্রেপ্তার করা হয়।
পরে পল্টনের ‘ল্যাবিব এয়ার ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ৫৯৫টি পাসপোর্টসহ বেল্লাল হোসেন ও আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল ভোরে রেজাউল করিমের পল্টনের বাসা ও অফিস থেকে আরও ৬৩৫টি পাসপোর্ট এবং বিভিন্ন দেশের প্রায় ২ হাজার ২৬৫টি জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম আটক করা হয়।
মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আট-দশ বছর ধরে মানব পাচার করে আসছেন। তাঁদের কাছে ১৮টি দেশের জাল ভিসা পাওয়া গেছে। চক্রটি জাল ভিসা তৈরি করে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে। তাদের জাল ভিসা নিয়ে অনেকে অস্ট্রেলিয়া ও কানাডায় গিয়ে ফেরত এসেছেন। বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তাও এই চক্রের সঙ্গে জড়িত।
এই চক্রের আটজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।