পাসপোর্ট করতে এসে যেভাবে ধরা পড়ল রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশে সোপর্দ করা হয়েছে মোহাম্মদ আরমানকে
ছবি: সংগৃহীত

পাসপোর্ট করতে এসে চট্টগ্রামে এক রোহিঙ্গা তরুণ ধরা পড়েছেন। তাঁর নাম  মোহাম্মদ আরমান (১৯)। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের মনছুরাবাদ বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে অসংলগ্ন কথাবার্তা বললে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে তাঁর আঙুলের ছাপের মধ্য দিয়ে তিনি রোহিঙ্গা বলে প্রমাণিত হয়।

বিকেলে আরমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নগরের ডবলমুরিং থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। আরমানের মা, বাবা ও বোন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছেন বলে তিনি জিজ্ঞাসাবাদে জানান। তবে পাসপোর্ট করার সময় তাঁর মা মারজানের নামে যে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দেওয়া হয়, প্রাথমিকভাবে তা এনআইডি সার্ভারে প্রদর্শিত হয়েছে বলে পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়।

জানতে চাইলে বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘সন্দ্বীপের একটি ঠিকানা ব্যবহার করে আরমান পাসপোর্ট করতে এসেছিল। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হয়। পরে অনেক জিজ্ঞাসাবাদ করি তাকে। একপর্যায়ে স্বীকার করে তার মা–বোনেরা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে রয়েছেন।

তার আঙুলের ছাপও রোহিঙ্গাদের পরিচয়ের যে ব্যাংক রয়েছে, তার সঙ্গে মিলে যায়। ২০১৭ সালের ১০ আগস্ট আরমান নামে রোহিঙ্গা হিসেবে ক্যাম্পে নাম নিবন্ধন করে।’
তবে রোহিঙ্গা ক্যাম্পে তাঁর বয়স তখন ১৯ বছর এবং বাবার নাম দেখানো হয় সৈয়দ আলম। সেখানে মায়ের নাম উল্লেখ করা নেই। পাসপোর্টে আবেদন করার সময় সন্দ্বীপের হরিশপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আবেদন করেন। এ সময় বাবার নাম ফয়সাল আলম ও মায়ের নাম মারজানা উল্লেখ করা হয়।

পরিচালক আবু সাঈদ বলেন, পাসপোর্টের জন্য যে জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করা হয়, তা সঠিক হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে। পাঠানটুলী থেকে এটা নেওয়া। সেখানে বাবার নাম ফয়সাল আমীন ও মায়ের নাম মারজানা লেখা রয়েছে। এ ছাড়া পাসপোর্টের আবেদনে দেওয়া তাঁর মায়ের এনআইডি নম্বরের প্রাথমিক সঠিকতাও পাওয়া যায়। তবে এ ব্যাপারে তদন্তের প্রয়োজন রয়েছে।

আরমানের মায়ের এনআইডি বিষয়ে জেলা নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, নম্বরটি তদন্ত করে দেখা হবে কীভাবে এনআইডি পেলেন।

আরমান ৮–৯ বছর বয়সে বাংলাদেশ আসেন বলে দাবি করেছেন। আবার তাঁর মা ও পরিবারের সদস্যরা ২০১৭ সালে বাংলাদেশ অনুপ্রবেশ করেন বলে জানান।
জানতে চাইলে ডবলমুরিং থানার পরিদর্শক তদন্ত মাসুদ রানা প্রথম আলোকে বলেন, আঙুলের ছাপের মাধ্যমে আরমান যে রোহিঙ্গা তার প্রমাণ মেলে। এখন মামলা দায়ের প্রক্রিয়াধীন। তিনি কোথা থেকে কীভাবে জন্মনিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র সংগ্রহ করেছেন, তা তদন্ত করে দেখা হবে।

এর আগে ২০১৯ সালের ১৮ আগস্ট রমজান বিবি নামের এক রোহিঙ্গা নারী ‘লাকী’ নাম দিয়ে স্মার্ট কার্ড তোলার সময় সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। এরপর বেরিয়ে আসে জালিয়াতির মাধ্যমে তিনি এনআইডি সংগ্রহ করেছিলেন।

গত ১৬ জানুয়ারি কক্সবাজারের উখিয়া থানায় গ্রেপ্তার হওয়া আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর ‘ভাই’ মো. শাহ আলীও ২০১৮ সালে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করেছিলেন বলে প্রমাণ মিলেছে।