ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দালালদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। হামলাকারীরা এক সাংবাদিকের ক্যামেরা ও ল্যাপটপও ছিনিয়ে নেয়।
এলাকার চিহ্নিত পাসপোর্ট দালাল নাসির মিয়ার (৩৩) নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত তিন সাংবাদিক হলেন দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়, স্থানীয় দৈনিক সরোদ-এর নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক জাভেদ রহিম। হামলায় নেতৃত্বদানকারী নাসের নিজেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির বড় ভাই বলে পরিচয় দেন।
আহত সাংবাদিক মাসুক হৃদয় বলেন, গত ৩০ ডিসেম্বর বৈদ্যুতিক শর্টসার্কিটে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) সার্ভার স্টেশন নষ্ট হয়ে যাওয়া ওই কার্যালয়ে পাসপোর্ট কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে খবর সংগ্রহ করছিলেন তাঁরা তিন সাংবাদিক। এ সময় কার্যালয়ের চিহ্নিত দালাল মেড্ডা এলাকার নাসির দলবল নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁর মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করাসহ মারধর করে। নাসির নিজেকে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর বড় ভাই পরিচয় দিয়ে মাসুকের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেয়। তখন অপর দুই সাংবাদিক শফিকুল এবং জাভেদ তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁরাও হামলার শিকার হন। তারা মাসুকের ক্যামেরা, ল্যাপটপ ও মুভি ক্যামেরা ছিনিয়ে নেয়। শেষ পর্যন্ত হামলাকারীদের হাত থেকে বাঁচতে কার্যালয়ের সহকারী পরিচালকের কক্ষে গিয়ে আশ্রয় নেন তিনি। খবর পেয়ে পুলিশ ও অন্য সাংবাদিকেরা গিয়ে তিন সাংবাদিককে উদ্ধার করেন। এ ঘটনায় মাসুক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন সরকার বলেন, ‘হামলার শিকার ওই সাংবাদিক দৌড়ে আমার কার্যালয়ে এসে আশ্রয় নিয়েছিলেন।’
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, তাঁর বড় ভাইয়ের নামও নাসির মিয়া। তবে হামলার ঘটনায় জড়িত ব্যক্তি কোন নাসির তা তিনি নিশ্চিত নন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।