পাসপোর্ট কার্যালয়ে কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল বুধবার সহকারী পরিচালক অরূপ রতন চাকীকে মারধর করা হয়েছে। শামীম বিশ্বাস নামের এক তরুণ তাঁকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণকে আসামি করে থানায় মামলা হয়েছে।
শামীম বিশ্বাসের বাড়ি সদর উপজেলার ভওয়াখালী এলাকায়। গতকাল বাবা-মায়ের অনুপস্থিতিতে তিনি পাসপোর্ট নিতে এসেছিলেন। ঘটনার সময় পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ও কাউন্সিলর শরফুল আলম উপস্থিত ছিলেন। শামীম মেয়রের আপন চাচাতো ভাই।
এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীম গতকাল দুপুরে তাঁর বাবা-মায়ের পাসপোর্ট নিতে কার্যালয়ে আসেন। সরকারি বিধি মোতাবেক তাঁর কাছে পাসপোর্ট না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ও কাউন্সিলর শরফুল আলমসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে আসেন। মেয়রের সঙ্গে কথা বলছিলেন সহকারী পরিচালক অরূপ রতন চাকী। হঠাৎ করে পেছন থেকে অরূপ রতনকে চড়-থাপ্পড় দেন শামীম। তাঁকে রক্ষা করতে যান কার্যালয়ের সুপারভাইজার মো. হাশেম আলী। তখন তাঁকেও মারধর করা হয়। এ সময় দুটি পাসপোর্ট ছিনিয়ে নেন শামীম।
এ ঘটনায় সহকারী পরিচালক অরূপ রতন বাদী হয়ে শামীম বিশ্বাসের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেছেন।
এ বিষয়ে জানতে গতকাল রাত সাড়ে আটটার দিকে শামীমের মুঠোফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘শামীম বিশ্বাস আমার চাচাতো ভাই। তাঁর বাবা-মা খুলনায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁরা ভারতে যাবেন। বাবা-মায়ের পাসপোর্ট ছেলের কাছে না দিয়ে ওই কর্মকর্তা অমানবিক কাজ করেছেন। তাঁকে লাঞ্ছিত করা হয়নি। তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।