পাসপোর্টের ফির অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সোনালী ব্যাংকের করপোরেট শাখায় পাসপোর্টের ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকের কর্মকর্তারা রসিদ ছাড়াই এই টাকা আদায় করছেন। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ভ্যাট বাবদ অতিরিক্ত এই টাকা নেওয়া হচ্ছে। তবে তাঁরা এ ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা দেখাতে পারেননি।

গতকাল সোমবার ব্যাংকে গিয়ে দেখা যায়, বেলা ১১টার দিকে পাসপোর্টের ফি জমা দিয়েছেন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার সোহাগ। তিনি জানান, তাঁরা দুই বন্ধু পাসপোর্টের ফি জমা দিতে এসেছেন। তিন মাসের মধ্যে পাসপোর্ট পেতে তিনি সরকার-নির্ধারিত ফি ৩ হাজার ৪৫০ টাকা এবং তাঁর বন্ধু এক মাসের মধ্যে পাসপোর্ট পেতে সরকার-নির্ধারিত ৬ হাজার ৯০০ টাকা জমা দেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা ও তাঁর বন্ধুর কাছ থেকে ২০ টাকা নিয়েছে।

ব্যাংকের একটি সূত্র জানায়, প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন লোক আসেন পাসপোর্টের ফি জমা দিতে। তাঁদের কাছ থেকে এভাবে দিনে অতিরিক্ত দেড় থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে।

ব্যাংকটির শাখা মহাব্যবস্থাপক আবদুর রহমান দাবি করেন, পাসপোর্টের ফির সঙ্গে ভ্যাট আদায়ের জন্য সার্কুলার আছে। এ জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তবে তিনি ভ্যাট আদায়ের কোনো সার্কুলার দেখাতে পারেননি।

অতিরিক্ত টাকার কেন রসিদ দেওয়া হচ্ছে না—এ প্রশ্নে আবদুর রহমান বলেন, ‘এত ভিড় হয় যে সবাইকে রসিদ দেওয়া সম্ভব হয় না। তাই ঝামেলা এড়াতে কাউকেই রসিদ দেওয়া হচ্ছে না।’ ব্যাংকের উপমহাব্যবস্থাপক নুর আহমেদ বলেন, ‘আমার জানামতে, পাসপোর্টের জন্য সরকার-নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা নেওয়ার নিয়ম নেই।’