পাহাড় কাটার অভিযোগে ২৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় প্রবর্তক সংঘের পাহাড় কাটার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাটি কাটার কোদাল জব্দ করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, প্রবর্তক মোড় এলাকায় পাহাড় কাটার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই ওয়ালিউল্লাহ আকবর জানান, এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ইমারত নির্মাণ আইনে মামলা করেছেন। এঁদের মধ্যে মো. আরমান নামের একজন প্রকৌশলী রয়েছেন। বাকিরা শ্রমিক। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযান চালানোর সময় ঘটনাস্থলে খননযন্ত্র (এক্সকাভেটর) ও ট্রাক পাওয়া যায়নি। আরএফ প্রপার্টিজের প্রকল্প সমন্বয়ক কাজী আবু তৈয়ব বলেন, ‘ওখানে পাহাড় কাটা হচ্ছিল না। শ্রমিকেরা বেজমেন্টের মাটি উত্তোলনের কাজে নিয়োজিত ছিলেন।’
‘চট্টগ্রামের প্রবর্তক মোড়: রাতে পাহাড় কাটার অভিযোগ’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ১৪ মার্চ প্রথম আলোতে প্রকাশিত হয়। পাহাড়ি ওই ভূমির মালিকানা প্রবর্তক সংঘ নামে একটি সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের। প্রবর্তক মোড়ে তাদের কয়েক একর জায়গা রয়েছে। প্রতিষ্ঠানটি একটি মাধ্যমিক বিদ্যালয় ও মন্দির পরিচালনা করে। দুই একর পাহাড় ও টিলা শ্রেণির ভূমিতে বহুতল ভবন নির্মাণে ২০১০ সালে প্রবর্তক সংঘের সঙ্গে আরএফ প্রপ্রার্টিজ চুক্তিবদ্ধ হয়। ১২তলা ভবন নির্মাণের জন্য ওই বছরই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয়। তবে দুটি কর্তৃপক্ষই পাহাড় সংরক্ষণ করে নির্মাণকাজ করার শর্ত জুড়ে দিয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করে পাহাড় কাটার কারণে পরিবেশ অধিদপ্তর ২০১১ সালে নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। আর অনুমোদনের তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে না পারায় নকশাটি বাতিল করে দেয় সিডিএ। তবে আরএফ প্রপার্টিজের প্রকল্প সমন্বয়ক কাজী আবু তৈয়ব ভবনের নকশার অনুমোদন রয়েছে বলে দাবি করেছেন।